প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও কূটনৈতিক আলোচনার বিষয় তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
জাতিসংঘের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও তিনি বক্তব্য দেন।
আরও পড়ুন: একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








