স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পূজাকে কেন্দ্র করে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দুর্গাপূজা ঘিরে পুলিশের নিরাপত্তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে আইজিপি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের মতো এবারও নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, রমনা কালী মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও নৌ পুলিশের পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত হন।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো সরকার

উল্লেখ্য, এ বছর প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে সভায় জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়