নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৪২, ১৫ অক্টোবর ২০২৬

বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% ছাড়

বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% ছাড়

ফাইল ছবি

দেশের বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং গ্রাহকদের ব্যয় নিয়ন্ত্রণে আনতে প্রিপেইড মিটার ব্যবহার জনপ্রিয় করার ওপর জোর দিচ্ছে সরকার। প্রচলিত পোস্টপেইড ব্যবস্থার ত্রুটি দূর করে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা আনা, সিস্টেম লস কমানো এবং গ্রাহকসেবার মান উন্নত করার ক্ষেত্রে এই ডিজিটাল মিটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, প্রিপেইড মিটার ব্যবহারকারীদের উৎসাহিত করতে রিচার্জ করা অর্থের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় বা রিবেট প্রদান করা হচ্ছে।

প্রিপেইড মিটারের সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে গ্রাহকরা নিজেরাই তাদের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করতে পারেন। মিটার রিচার্জ, অবশিষ্ট ব্যালেন্স এবং ব্যবহারের হিসাব সহজেই জানা যাওয়ায় মাস শেষে হঠাৎ বড় অঙ্কের বিদ্যুৎ বিল আসার দুশ্চিন্তা থাকে না। 

রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা সালেহ হাসান এবং বগুড়ার নেসকোর গ্রাহক মুজাহিদ শেখের মতো সাধারণ ব্যবহারকারীরা জানিয়েছেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে তারা প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করে বিদ্যুৎ ব্যবহার করছেন এবং অপচয় রোধে সচেতন হয়েছেন।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রিপেইড সংযোগের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা জামানত দিতে হয় না। আবাসিক গ্রাহকদের অনুমোদিত লোডের প্রতি কিলোওয়াটের জন্য প্রতি মাসে ৪২ টাকা ডিমান্ড চার্জ ও ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এছাড়া বিতরণ সংস্থার সরবরাহ করা সিঙ্গেল ফেজ মিটারের মাসিক ভাড়া ৪০ টাকা এবং থ্রি ফেজ মিটারের ভাড়া ২৫০ টাকা নির্ধারিত রয়েছে। প্রতি মাসের প্রথম রিচার্জের সময় ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয় এবং অবশিষ্ট অর্থের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ রিবেট যোগ হয়। উদাহরণস্বরূপ, ২ কিলোওয়াট লোডের একজন আবাসিক গ্রাহক প্রথম ১ হাজার টাকা রিচার্জ করলে বিভিন্ন চার্জ ও ভ্যাট বাবদ ১৭১ টাকা ৬২ পয়সা কেটে নেওয়ার পর এবং রিবেট যুক্ত হয়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য ৮৩২ টাকা ৫২ পয়সা জমা হয়। ব্যালেন্স শেষ হয়ে গেলে জরুরি ক্রেডিট সুবিধা এবং নির্দিষ্ট ফ্রেন্ডলি আওয়ার-এর পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সংযোগ সচল রাখার সুবিধা রয়েছে।

আরও পড়ুন: ৫০৬ কোটি টাকা বিল আসা সেই গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত

বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দিক থেকেও প্রিপেইড মিটার অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং সংগ্রহ এবং বিল তৈরি ও বিতরণের ঝামেলা না থাকায় একদিকে যেমন জনবল ও যাতায়াত ব্যয় হ্রাস পেয়েছে, অন্যদিকে অগ্রিম রাজস্ব আদায়ের ফলে বকেয়া বিলের দীর্ঘদিনের জটিলতাও দূর হয়েছে। 

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম মনে করেন, প্রিপেইড মিটার নিয়ে সাধারণ মানুষের মনে থাকা বিভিন্ন উদ্বেগ ও তথ্যের ঘাটতি দূর করতে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচার আরও বাড়ানো প্রয়োজন। ডেসকোর মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার গ্রাহকদের আস্থা অর্জনে সহায়ক হতে পারে।

বর্তমানে দেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ প্রিপেইড মিটারের আওতায় চলে এসেছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় ২০ লাখ গ্রাহকের মধ্যে ১২ লাখ, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ২৩ লাখের অধিক গ্রাহকের মধ্যে প্রায় ১৪ লাখ এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) ১৪ লাখ ১১ হাজার ৪৩০ জন গ্রাহকের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৩৮১ জন প্রিপেইড মিটার ব্যবহার করছেন। 

একইভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৭ লাখ ৫৫ হাজার ৯১৪ জনের মধ্যে ৬ লাখ ৬৬ হাজার ৬২৭ জন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) ৪৬ লাখ ৫ হাজার ১৯ জনের মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৩৩১ জন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রায় ৩ কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ১৫ লাখ গ্রাহক ইতোমধ্যে এই ব্যবস্থার সুফল পাচ্ছেন।

নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, সরকারের সুনির্দিষ্ট নীতিমালার আলোকে দেশের সকল বিদ্যুৎ গ্রাহককে পর্যায়ক্রমে প্রিপেইড মিটারের আওতায় আনার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ইতিমধ্যে নেসকোর ৬০ শতাংশের বেশি গ্রাহক এই সেবায় যুক্ত হয়েছেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ উল্লেখ করেন যে ভবিষ্যতের টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই। 

প্রিপেইড মিটারসংক্রান্ত যেকোনো তথ্য, জিজ্ঞাসা বা অভিযোগের নিরসনে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯ ছাড়াও সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর নিজস্ব হেল্পলাইন সেবা সার্বক্ষণিক চালু রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়