দুর্নীতির মামলায় গাড়িচালক আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
ফাইল ছবি
প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এ রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ রায় ঘোষণা এ তারিখ নির্ধারণ করেন। এর আগে, ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয় আদালত।
চলতি বছরের ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)-র গাড়িচালক হিসেবে চাকরি করতেন। পরবর্তীতে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তাকে চাকরিচ্যুত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








