স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ১৬ অক্টোবর ২০২৬

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

আশ্বিনের শেষ দিন আজ। দোরগোড়ায় হেমন্তকাল। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশে কমে এসেছে বৃষ্টির প্রবণতা। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পৌষ মাসে শীতের তীব্রতা বাড়লেও অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই শীতের অনুভূতি বাড়তে পারে। অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় থেকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। ডিসেম্বর নাগাদ শীতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে দেশজুড়ে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ হেমন্তের শেষ পর্যায়ে হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে।

আরও পড়ুন: দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকা-গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

অন্যদিকে, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়