আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৭, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৩৪, ১৬ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের

রিয়াদ বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসে অন্তত ২০ বার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিরা সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পরিবহন কেন্দ্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে অভিযোগ করেছে জোটটি।

রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ওমানে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, সংঘাত তীব্র হওয়ার শুরুতে ওমানের রাজধানী মাসকাটে বৈঠকের জন্য হুথিদের আহ্বান জানানো হয়েছিল। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কয়েক সপ্তাহ আগে ওই যোগাযোগই ছিল সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বশেষ উদ্যোগ।

অন্যদিকে, ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, আরও মৃত্যুর আশঙ্কা

তবে সৌদি জোটের এসব দাবি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি।সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়