নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৫, ১৪ অক্টোবর ২০২৬

সংসদে বিলুপ্ত অন্তর্বর্তী কমিটি, ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

সংসদে বিলুপ্ত অন্তর্বর্তী কমিটি, ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে জনবল-সংক্রান্ত সংসদীয় কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য আগামী ২০২৬ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে বৈঠকে সচিবালয়ের শূন্যপদ পূরণ, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির ১টিসহ মোট ১৬টি পদে দ্রুততম সময়ের মধ্যে লোকবল নিয়োগের লক্ষ্যে পিএসসি চেয়ারম্যানের কাছে পত্র পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগসংক্রান্ত বিষয় নিয়েও সভায় আলোচনা হয় এবং আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে অন্যান্য নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত এ কমিটি আজকের বৈঠকের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন। এ ছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান) এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশ গঠনে অনুপ্রেরণাদায়ী তিন গুণীজনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সবার ওপরে বাংলাদেশ নীতি বাস্তবায়নে অসহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

এদিকে, পৃথক আরেকটি বৈঠকে সবার ওপরে বাংলাদেশ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলাকারী কর্মকর্তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ধীরগতির কারণ অনুসন্ধান করারও তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ওই বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি সাঈদ আহমেদ বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বা প্রশাসনিক কোনো বাধা থাকলে তা কমিটিতে খোলামেলাভাবে তুলে ধরতে হবে; কোনো তথ্য গোপন করা যাবে না। নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় করার ওপর জোর দেন তিনি।

প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় মনোভাবের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভুলে যাবেন না যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নন। জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত এই বৈঠকে কমিটির সভাপতি সাঈদ আহমেদ ছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার এবং মো. নূরুল ইসলাম অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়