নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৬, ১৫ অক্টোবর ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী নারী প্রার্থীরা। ফরম পূরণ করে পরদিন শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তা জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার এ উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর।

আরও পড়ুন: বিএনপি, যুব ও ছাত্রদলের মহানগর কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

সংরক্ষিত নারী আসন-২৩টি শূন্য হয় বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। গত ১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। এর পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, আসনটি বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যের পদত্যাগের কারণে শূন্য হওয়ায় এখানে দলটিরই প্রার্থী মনোনয়নের সুযোগ রয়েছে। তবে একাধিক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি জোটের সংসদ সদস্যরা। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী মনোনয়ন দেওয়ায় অনেক সময় ভোটাভুটির প্রয়োজন হয় না।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার মধ্য দিয়ে আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের ধাপ সম্পন্ন হবে। আগামী ১২ নভেম্বরের ভোটের মধ্য দিয়ে শূন্য আসনটিতে নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়