স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয়ভাবে একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মো. নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি একটি বড় দল এবং তৃণমূল পর্যন্ত দলটির সাংগঠনিক বিস্তৃতি রয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। তবে এ বছর দলীয় প্রতীকে নির্বাচন হবে না। আগে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান ছিল।
তিনি বলেন, বিএনপি চায় স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। এ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করার মতো জনগ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা দলের।
দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলেও জানান চিফ হুইপ। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন: দুদু
দলীয় শৃঙ্খলার বিষয়ে মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ক্ষেত্রে বিএনপি ঐক্যবদ্ধ। কোনোভাবেই চাঁদাবাজ ও দখলদারদের বরদাস্ত করা হবে না। চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








