অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
নাসিমা খান। ছবি: সংগৃহীত
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন।
রবিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তিনি লিখেছেন, চলচ্চিত্রের কিংবদন্তি শ্রদ্ধেয় নাসিমা খান আপা আর নেই।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ১৯৬১ সালে যে নদী মরু পথে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।
আরও পড়ুন: ডাম্প ট্রাকের ধাক্কায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা
এই অভিনেত্রীকে সর্বশেষ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রে দেখা যায়। তার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








