স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ১৪ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার আগে মরহুমের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই প্রবীণ নেতা।

সালাহউদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ১ মে ঢাকার কদমতলী পশ্চিম, শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল বারেক সর্দার। তিনি ধোলাইপাড় উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে তিনি ব্যবসা ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত হন। তিনি দৈনিক দেশ জনতা পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি দলটির নেতা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়