স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ১৩ অক্টোবর ২০২৬

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

প্রবাসীদের সম্পত্তি-সংক্রান্ত বিরোধ ও অন্যান্য আইনি সমস্যা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, দেশে শ্রম আদালত রয়েছে। দেশের অভ্যন্তরে শ্রমিকদের জন্য বিশেষ শ্রম আদালত গঠন করা হয়েছে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় আইনও করা হয়েছে। তবে প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে এ ধরনের বিশেষায়িত আদালত নেই।

তিনি বলেন, প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর পর পরিবারের সদস্যদের কাছ থেকে সেই অর্থ ফেরত চাইতে গিয়ে কিংবা সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে নানা সমস্যার মুখে পড়েন। এসব বিরোধের নিষ্পত্তি করতে গিয়ে তাদের বছরের পর বছর মামলা চালাতে হয়। এতে আইনজীবীদের পেছনে অর্থ ব্যয় করার পাশাপাশি মূল্যবান সময়ও নষ্ট হয়।

আইনমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করা হবে, বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের সম্পত্তি-সংক্রান্ত বিরোধ ও অন্যান্য আইনি সমস্যা নিষ্পত্তির ব্যবস্থা থাকবে। এ জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৪ দিনের রিমান্ডে সাবেক ২ সেনা কর্মকর্তা

তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়