দুর্গাপূজায় পোশাক শ্রমিকরা ছুটি পাবেন ৪ দিন
ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি পাচ্ছেন পোশাক খাতের সংশ্লিষ্ট কর্মীরা।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় কার্যালয়ের কার্যক্রম যথারীতি চালু হবে। এর মধ্যে ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিনের ছুটি পাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
তবে ছুটির সময়েও জরুরি সেবা চালু রাখার ব্যবস্থা করেছে বিজিএমইএ। ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) ইস্যুসহ অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








