ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় গত শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিভিন্ন গন্তব্য হয়ে যাত্রীদের রিয়াদে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন্স ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।
এর আগে, হুথিদের হামলার পর রোববার রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজেও হামলা চালায় হুথিরা। এতে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব হামলার মধ্যে রিয়াদ বিমানবন্দর অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ূন: সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
এর আগে, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান সংস্থা উড়োজাহাজ পরিচালনা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছিল হুথিরা। এর পরদিন, শনিবার, রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








