মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগে ১০ ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি ভ্যানিটি ব্যাগ ভর্তি বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে সংস্থাটির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আদাবর থানা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানা নির্মাণের জন্য নির্ধারিত স্থানের পাশে নীল পলিথিনে মোড়ানো একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে এসআরবি-২ ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা বলয় গড়ে তোলে। পরবর্তীতে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ব্যাগটি পরীক্ষা করে ককটেলগুলোর উপস্থিতি নিশ্চিত করে। উদ্ধার করা ব্যাগটির ভেতর ৯ থেকে ১০টি তাজা ককটেল নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় সংরক্ষণ করা ছিল।
আরও পড়ুন: অটোরিকশাচালকদের বিক্ষোভে অচল মোহাম্মদপুর, ভোগান্তিতে নগরবাসী
ঘটনার বিস্তারিত জানিয়ে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে যে ঢাকা উদ্যান এলাকায় বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একদল দুষ্কৃতকারী ককটেল মজুত করে রেখেছে। এর ভিত্তিতেই দ্রুত তল্লাশি অভিযান চালায় এসআরবি-২। এরপর উদ্ধার করা ককটেলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষ প্রক্রিয়ায় রায়েরবাজার বধ্যভূমি ও বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দক্ষ সদস্যরা ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেন।
সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। জড়িতদের অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৫টি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে এসআরবি-২। একই দিনে রায়েরবাজার এলাকা থেকেও কয়েকটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল।
ধারাবাহিক এসব ঘটনার প্রেক্ষাপটে রাজধানীজুড়ে নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে মোহাম্মদপুর ও ঢাকা উদ্যানসহ আশপাশের এলাকাগুলোতে এসআরবির টহল বৃদ্ধি করা হয়েছে এবং নাশকতাকারীদের তৎপরতা নস্যাৎ করতে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








