৫ ধাপে ইউপি নির্বাচন, রোডম্যাপ ঘোষণা
ফাইল ছবি
বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হয়।
রোডম্যাপ অনুযায়ী, রমজানের আগে আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের পর ২৯ এপ্রিল তৃতীয় ধাপে, ১৩ মে চতুর্থ ধাপে এবং ২৭ মে পঞ্চম ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
বৈঠকে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








