স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ১২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২৭, ১২ অক্টোবর ২০২৬

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের আলোচনা এগিয়ে চলছে। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশির ভাগ শর্তের বিষয়ে একমত হওয়ার বিষয়ে আশাবাদী সরকার। তবে কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির সঙ্গে একটি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করা হবে। এর মধ্যেও বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জন্য একটি ভালো কর্মসূচি গড়ে উঠবে।

অর্থমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও নির্বাচনী এজেন্ডার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

আইএমএফের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্থাটির সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেও আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঋণ কর্মসূচির শর্ত নিয়ে তিনি বলেন, আইএমএফের কিছু শর্ত রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে মতপার্থক্যগুলো সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। কিছু বিষয়ে শর্ত বাস্তবায়নের ধারাবাহিকতা বা সময় নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও সংস্থাটিকে জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে: রাষ্ট্রপতি

বিশ্ব অর্থনীতির নীতিনির্ধারণী আলোচনা ঘিরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, উন্নয়ন সহযোগীসহ ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়