স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১২ অক্টোবর ২০২৬

দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে: রাষ্ট্রপতি

দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মনে করেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান।

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশে এখন লিভার প্রতিস্থাপনের চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়