তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৩০, ১৩ অক্টোবর ২০২৬

যেসব ভুলে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফিরে পাওয়ার উপায়

যেসব ভুলে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফিরে পাওয়ার উপায়

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে হঠাৎ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার বার্তা দেখতে পারেন। এমন পরিস্থিতিতে মেসেজ পাঠানো, কল করা কিংবা অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হতে পারে। সাধারণত প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘন, স্প্যাম ছড়ানো কিংবা অননুমোদিত অ্যাপ ব্যবহারের কারণে অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কখনো কখনো ভুল শনাক্তকরণের কারণেও স্বাভাবিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

যেসব কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে

১. অতিরিক্ত স্প্যাম মেসেজ পাঠানো
অল্প সময়ে অনেক অপরিচিত নম্বরে একই ধরনের বার্তা পাঠালে হোয়াটসঅ্যাপ সেটিকে স্প্যাম হিসেবে শনাক্ত করতে পারে। এ ছাড়া বারবার অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠানো কিংবা অন্য ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়াও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ হতে পারে।

২. অতিরিক্ত মেসেজ ফরওয়ার্ড করা
যাচাই না করে একই বার্তা অনেক ব্যক্তি বা গ্রুপে পাঠানো থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা ক্ষতিকর লিংক ছড়ালে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

৩. অননুমোদিত অ্যাপ ব্যবহার
জিবি হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাসের মতো অনানুষ্ঠানিক অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। এসব অ্যাপের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত নয়। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা উচিত।

৪. অনুমতি ছাড়া গ্রুপে যুক্ত করা
অন্য ব্যক্তিকে তার অনুমতি ছাড়া বারবার গ্রুপে যুক্ত করা কিংবা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো বিরক্তির কারণ হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে অ্যাকাউন্টের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

৫. নিয়মবিরুদ্ধ বা ক্ষতিকর কনটেন্ট ছড়ানো
হুমকি, হয়রানি, প্রতারণামূলক বার্তা কিংবা হোয়াটসঅ্যাপের নীতিমালা লঙ্ঘন করে এমন কনটেন্ট শেয়ার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।

নিষিদ্ধ হলে যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার বার্তা দেখলে আতঙ্কিত না হয়ে অ্যাপে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। নিষেধাজ্ঞা ভুল বলে মনে হলে পর্যালোচনার জন্য আবেদন করতে পারেন।

ধাপ ১: Request a Review অপশনে চাপ দিন
হোয়াটসঅ্যাপ খুলে নিষেধাজ্ঞার বার্তাটি দেখুন। সেখানে Request a Review অপশন থাকলে সেটিতে চাপ দিন।

ধাপ ২: পর্যালোচনার আবেদন জমা দিন
অ্যাপের নির্দেশনা অনুযায়ী আবেদন জমা দিন। অ্যাকাউন্টটি ভুলবশত নিষিদ্ধ হয়েছে বলে মনে হলে বিষয়টি সংক্ষেপে ও স্পষ্টভাবে ব্যাখ্যা করুন।

ধাপ ৩: প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করুন
প্রয়োজনে ফোন নম্বর বা পরিচয় যাচাইয়ের নির্দেশনা অনুসরণ করুন। যাচাইকরণ কোড শুধু হোয়াটসঅ্যাপের নির্ধারিত প্রক্রিয়ায় ব্যবহার করুন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ কোড চাইলে তা শেয়ার করবেন না।

ধাপ ৪: সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন
আবেদন জমা দেওয়ার পর হোয়াটসঅ্যাপের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। পর্যালোচনায় নিষেধাজ্ঞা ভুল বলে বিবেচিত হলে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার নিশ্চয়তা নেই।

অ্যাপে পর্যালোচনার সুযোগ না থাকলে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সহায়তা পেজে গিয়ে যোগাযোগের উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে পিসি সরবরাহ কমেছে ২০ শতাংশের বেশি

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

অপরিচিত ব্যক্তিকে অল্প সময়ে অনেক বার্তা পাঠাবেন না।

যাচাই না করা খবর, গুজব কিংবা সন্দেহজনক লিংক ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন।

অন্যের অনুমতি ছাড়া তাকে কোনো গ্রুপে যুক্ত করবেন না।

জিবি হোয়াটসঅ্যাপের মতো অননুমোদিত অ্যাপ ব্যবহার করবেন না।

হোয়াটসঅ্যাপের নীতিমালা মেনে চলুন এবং অ্যাপটি নিয়মিত আপডেট রাখুন।

মনে রাখবেন, অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার বার্তা দেখলেই যে সেটি স্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছে, তা নয়। নিষেধাজ্ঞার ধরন অনুযায়ী করণীয় আলাদা হতে পারে। তাই অ্যাপে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন এবং প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সহায়তা ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়