ডেটা সেন্টারের জন্য ৩০০ হেক্টরের বেশি বন উজাড়, তদন্তে গুগল
ছবি: সংগৃহীত
নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য উত্তর ফিনল্যান্ডের একটি গ্রামীণ এলাকায় ৩০০ হেক্টরের বেশি বনাঞ্চল উজাড় করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আয়তনের দিক থেকে যা প্রায় ৪২০টি ফুটবল মাঠের সমান। তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিপুল এই বনভূমি ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফিনিশ পরিবেশ সংরক্ষণ সংস্থার অভিযোগের পর বিষয়টি তদন্ত করছে দেশটির তদারকি সংস্থা ফিনিশ সুপারভাইজরি এজেন্সি।
ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশনের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হান্না হালমিনপা বলেন, আইনগত বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রকল্পের সব কার্যক্রম স্থগিত রাখা উচিত। তিনি দাবি করেন, উপগ্রহের ছবিতে সংরক্ষিত বনাঞ্চলসহ বিস্তৃত এলাকায় গাছ কাটার চিত্র দেখা গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, বন আইন মেনেই প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিস্তারিত প্রাকৃতিক জরিপের পর সংরক্ষিত এলাকাগুলোও অক্ষত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।
ইউরোপে গুগলের একক বৃহত্তম বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরে ফিনল্যান্ডে ১ হাজার ৩০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। উত্তর ফিনল্যান্ডের মুহোস পৌরসভার অধিগ্রহণ করা এলাকায় বর্তমানে ভারী যন্ত্রপাতি দিয়ে জমি পরিষ্কারের কাজ চলছে।
মুহোসের মেয়র কিম্মো হিনোর আশা, এই বৃহৎ অবকাঠামো প্রকল্প স্থানীয় অর্থনীতিতে গতি আনবে এবং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে প্রকল্পের বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত প্রভাব নিয়ে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে গুগলকে বিনিয়োগ পরিকল্পনাটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
ঠান্ডা জলবায়ু এবং পরমাণু ও নবায়নযোগ্য জ্বালানির সহজলভ্যতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ফিনল্যান্ড ডেটা সেন্টার বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। দেশটির সরকারও অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব মোকাবিলায় বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে।
তবে গুগল, মাইক্রোসফট ও টিকটকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের বড় আকারের ডেটা সেন্টার প্রকল্পের পরিবেশগত প্রভাব ও বিপুল বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: দেশে প্রথমবার এআইভিত্তিক রিয়েল-টাইম ইন্টারভিউ প্ল্যাটফর্ম চালু
পরিবেশ সুরক্ষায় আরও কঠোর বিধিমালার দাবিতে করা একটি নাগরিক আবেদনে মাত্র তিন দিনে ৫০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। ফলে ডেটা সেন্টার স্থাপন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা এখন ফিনল্যান্ডের সরকার ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সূত্র: এএফপি
নিউজবাংলাদেশ.কম/এসবি








