তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এআই নিরাপত্তায় যৌথ স্বাধীন সংস্থা গড়ছে গুগল

এআই নিরাপত্তায় যৌথ স্বাধীন সংস্থা গড়ছে গুগল

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুতে সংস্থাটির কার্যক্রম শুরু হতে পারে। প্রস্তাবিত সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হোয়াইট হাউসের সাবেক এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে প্রতিষ্ঠানগুলো যোগাযোগ করেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে সংস্থাটির নাম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই বা সাফা। সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি সংস্থাটি গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই নিরাপত্তাবিষয়ক প্রতিশ্রুতি পর্যালোচনা করে নতুন মানদণ্ড তৈরি করবে।

এ ছাড়া বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রেও নির্মাতাদের সহায়তা করবে সংস্থাটি। তবে সাফা শুধু এআই নিরাপত্তার মানদণ্ড তৈরি করবে, নাকি নিজেরাই এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা করবে—সে বিষয়ে এখনো প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা চলছে।

যৌথ এআই নিরাপত্তাকাঠামো তৈরির উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। গত জুলাইয়ে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে অথবা এআই শিল্পের স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সংস্থা গড়ে তোলা যেতে পারে।

আরও পড়ুন: এআই নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আহ্বান বিল গেটসের

এআইয়ের বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। একই সময়ে উন্নত এআই মডেলের নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাঝুঁকি নিয়েও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। সূত্র: নিউজ১৮

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়