২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিন অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। তবে ওই দিন অতিরিক্ত ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি হবে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।
আরও পড়ুন: গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি
চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








