১০ অক্টোবর পর্যন্ত ৩১ ব্যাংকের কার্ড-ডিজিটাল লেনদেন বন্ধ
প্রতীকী ছবি
সিস্টেম হালনাগাদের কারণে আগামী ১০ অক্টোবর পর্যন্ত দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে এসব ব্যাংকের এটিএম, এনপিএসবি, পিওএস মেশিনসহ কয়েকটি অনলাইন সেবা বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সেবাগুলো বন্ধের জন্য সুনির্দিষ্ট সময় বেছে নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সিস্টেম হালনাগাদের কারণে এটিএম, পিওএসসহ ব্যাংকের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা স্বাভাবিক। তবে কখন সেবা বন্ধ রাখলে গ্রাহকদের ভোগান্তি কম হবে, সে কৌশল ব্যাংকগুলোকে নিজেদেরই নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির সময় বেছে নিয়ে সিস্টেম হালনাগাদের কাজ করা যেতে পারে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই। তবে এ ধরনের কার্যক্রমের আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হবে।
আরও পড়ুন: বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ
পাশাপাশি, সেবা বন্ধ রাখার সময়সীমা ও কোন কোন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে, সে বিষয়ে গ্রাহকদের আগেই জানিয়ে দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








