ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।
তিনি বলেন, পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) জন্য গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হতে হবে। মানবতাবিরোধী অপরাধে জড়িত একটি দলের মধ্যে এখন পর্যন্ত অনুতাপের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তারা নানা ধরনের সংকট সৃষ্টির চেষ্টা করছে।
তথ্য উপদেষ্টা বলেন, ড. ইউনূসের অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তিনি কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। শুধু ড. ইউনূস নন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যে দল প্রকাশ্যে দেশের ভেতরে সহিংসতা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার চেষ্টা করে, তাদের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না।
আওয়ামী লীগের পক্ষ থেকে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া উচিত ছিল উল্লেখ করে ডা. জাহেদ বলেন, দুই বছর পর দলটির আচরণ দেখে পুনর্মিলনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। ক্ষমা চাওয়া বা অনুতাপ প্রকাশের পরিবর্তে তারা হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে সহিংসতায় উসকানি দেওয়ার চেষ্টা করছে।
ড. মুহাম্মদ ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টার প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, এগুলো কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর তৎপরতা নয়, বরং আওয়ামী সন্ত্রাস। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








