বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ১৩ অক্টোবর ২০২৬

মহালয়ায় ঢাকের তালে নেচে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

মহালয়ায় ঢাকের তালে নেচে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন তিনি। এবার মহালয়ার অনুষ্ঠানে ঢাকের তালে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

গত সেপ্টেম্বরে মঞ্চে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। তবে সেই সমালোচনায় থেমে না গিয়ে ট্রোলারদের পাল্টা জবাব দিয়েছিলেন তিনি। এবার তাঁর নাচের ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

জানা গেছে, মহালয়া উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ঢাকের তালে নাচতে দেখা যায় ঋতুপর্ণাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে শুরু হয় নানা ধরনের মন্তব্য।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি, গয়না ও মাথায় লাল ওড়না পরে ঢাকের তালে তালে নাচছেন অভিনেত্রী। নির্দিষ্ট কোনো গানের পরিবর্তে ঢাকের ছন্দে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে তাঁর নাচ নিয়ে কটাক্ষ করেন। একজন মন্তব্য করেন, কোমর যে আর দুলছেই না। আরেকজন লেখেন, আগে দিদির সঙ্গে এখন দাদার সঙ্গে। অন্য একজনের মন্তব্য, মহালয়ার দিন ভাসান ডান্স কে করে! কেউ আবার তাঁর নাচকে যেমন খুশি নাচো প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেছেন।

এ ছাড়া কেউ কেউ রসিকতা করে লেখেন, একই ঋতুতে জোড়া ফুলও ফোটে, পদ্ম ফুলও ফোটে, ও যে সবার প্রিয় ঋতু। আবার একজন প্রশ্ন তোলেন, নাচতেই হতো? খুব কি অসুবিধা হতো না নাচলে?

তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ঋতুপর্ণার নাচের প্রশংসাও করেছেন অনেকে। তাঁদের মতে, এমন আয়োজন উৎসবের আমেজ বাড়িয়ে তোলে। একজন মন্তব্য করেন, দারুণ হয়েছে, খুব সুন্দর। এমন একটি মনোরঞ্জন হলেই তো মনে হবে পূজা আসছে।

আরও পড়ুন: অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

এদিকে, নাচের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়