শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং, ইভটিজিং এবং র‌্যাগ ডে-র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া এসব কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র‌্যাগ ডে-র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আঞ্চলিক কার্যালয়ে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির নতুন নীতিমালা, প্রথম শ্রেণিতে লটারি, বাকিগুলোতে পরীক্ষা

এসব তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে মাউশিতে পাঠাতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়