নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৪, ২৩ অক্টোবর ২০২৬

শপিং মল-মার্কেট বন্ধের সময় কমলো দুই ঘণ্টা

শপিং মল-মার্কেট বন্ধের সময় কমলো দুই ঘণ্টা

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। 

ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা কমেছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ বিশেষ নির্দেশনা দিয়ে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়। 

আরও পড়ুন: আরও পড়ুন: মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

নির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে আবারও আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই সময়সূচি কার্যকর হয়েছে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সময়সূচি কার্যকর করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক ছাড় দেওয়ার পর এখন আবার সেই নিয়মে ফিরেছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

নতুন সময়সূচি অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়