স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০১, ২৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে বিনিয়োগের এ পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।

এ বিনিয়োগ পরিকল্পনার লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় জাপানের অর্থনৈতিক উপস্থিতি জোরদার করা। পাশাপাশি বাংলাদেশকে একটি বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিও (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য, বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সই করে বাংলাদেশ।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা

এদিকে, চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে দুই দেশের নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়