কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
ছবি: সংগৃহীত
কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এতে দুই কিশোরসহ চারজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, গত ২০ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলার তদন্তে তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে আসামি করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, চারজন মিলে হত্যার পরিকল্পনা করেছিল। তাদের মধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা একটি নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতীমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। এ ছাড়া তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুহিন এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর তার মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছিল। তদন্তে তার সম্পৃক্ততা যাচাই-বাছাই করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাদের দায় নির্ধারিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








