আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৮, ১৮ অক্টোবর ২০২৬

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় স্থগিত

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় স্থগিত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের কার্যক্রম আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত এই কর পরিশোধ করতে হচ্ছে না প্রতিষ্ঠানটিকে বলে জানিয়েছেন আইনজীবী।

রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত ওই আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

জুলাই গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির করা ওই দুটি রিট খারিজ করে ২০২৪ সালের ৪ আগস্ট রায় দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পরে একই বছরের ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করে নেন ওই বেঞ্চ।

রায় প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, বেঞ্চের দ্বিতীয় বিচারপতি একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে তাঁর সংশ্লিষ্টতার কারণে রায়টি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: ৬৬৬ কোটি টাকার কর মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে কর পরিশোধের বিষয়ে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের কার্যকারিতার বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এবার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর আদায়ের কার্যক্রম স্থগিত করলেন চেম্বার আদালত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়