স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতের সঙ্গে আদর্শিক মতপার্থক্য, এনসিপি ছাড়লেন আব্দুর রহমান

জামায়াতের সঙ্গে আদর্শিক মতপার্থক্য, এনসিপি ছাড়লেন আব্দুর রহমান

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দলের আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রটি প্রকাশ করেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে দলের নির্বাচনি ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তিনি হতাশ হয়েছেন।

পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি ও রাজনৈতিক জোটের ফলে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতের আদর্শের বিস্তার ঘটছে। এ কারণে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত প্রশ্নে দলের অনেক প্রতিষ্ঠাকালীন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় নেতাও এনসিপি ছেড়েছেন বলে দাবি করেন তিনি।

আব্দুর রহমান বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট হলেও দুই দলের আদর্শিক অবস্থান এক হবে না এমন ধারণা থেকেই তিনি এত দিন দলের সঙ্গে ছিলেন। কিন্তু দিন দিন দুই পক্ষের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান একাকার হয়ে যাচ্ছে। একজন কর্মী হিসেবে বিষয়টি তার মৌলিক আদর্শ ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি।

পদত্যাগপত্রে সহকর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আব্দুর রহমান। তিনি জানান, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ওই পোস্টের পর সহকর্মীদের কেউ কেউ তাকে মুজিববাদী বলে আখ্যা দেন। এতে তার মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং সহকর্মীদের প্রতি তার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুর রহমান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক স্বাধীনতা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু দলের বর্তমান রাজনৈতিক অবস্থান তাঁর সেই প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে হওয়ায় তিনি দলটির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এনসিপি ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আব্দুর রহমান। তবে পরবর্তী সময়ে জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন জানান তিনি। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়