কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ পর্যটক নিহত
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পর্যটকসহ আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী
এদিকে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








