নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৮ অক্টোবর ২০২৬

সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা করছে সরকার: রিজভী

সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা করছে সরকার: রিজভী

ছবি: সংগৃহীত

দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, ডেঙ্গু ও হামের মতো জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে নজরদারি প্রয়োজন। একই সঙ্গে মানবকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। 

তার নেতৃত্বে ফাউন্ডেশনের নেতাকর্মীরা দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেডআরএফের পরিচালনা পর্ষদের সদস্য, মনিটর, সমন্বয়ক, আজীবন সদস্য ও প্রস্তাবিত সদস্যরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার তৃণমূল পর্যায় থেকে হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা পর্যবেক্ষণ করাও জরুরি বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে জনস্বাস্থ্যসংক্রান্ত সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সেবার বাস্তব পরিস্থিতি তদারকির বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুন: দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, সমাজের অগ্রগণ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মানবকল্যাণ ও মানবসেবার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আহত ব্যক্তিদের পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও তুলে ধরেন তিনি। 

তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ফাউন্ডেশনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তার নামে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা এই মূলমন্ত্র সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই জেডআরএফের ঘোষিত লক্ষ্য।

প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকারই এ আয়োজনের মূল প্রতিপাদ্য হিসেবে উঠে আসে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়