কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকাজে পুলিশ ও বিজিবির সদস্যরাও অংশ নেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির সমন্বিত তৎপরতায় দুর্ঘটনা-পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। একটি কক্ষ থেকে চারটি মরদেহ এবং পৃথক দুটি কক্ষ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ পর্যটক নিহত
রিসোর্টের ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








