শনিবার স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে ব্যাংক
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার), ২১ অক্টোবর (বুধবার) ও ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বহাল থাকবে।
আরও পড়ুন: বিশ্বব্যাংক ও আইএমএফের বড় অর্থায়নের আশ্বাস
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজার ছুটির দিনগুলোতে এসব শাখা ও উপশাখায় আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








