নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই সনদে সহযোগিতা করছে না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে সহযোগিতা করছে না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। 

তার ভাষ্য, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে চায়, যেটিকে কেউ সংস্কার হিসেবেও বিবেচনা করতে পারেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রণীত হয়েছে। জাতীয় জীবনে এই সনদ দিকনির্দেশনা দেবে। এর বাস্তবায়নে সাংবিধানিক সংশোধনের পাশাপাশি প্রয়োজনীয় আইন ও বিধিবিধানসংক্রান্ত পদক্ষেপও নিতে হবে। এসব প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ আছে সাংবিধানিক, কিছু আইনবিষয়ক। আইনি ও বিধিবিধান চলমান প্রক্রিয়া। 

তিনি আরও বলেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া আনতে চায়, যেটিকে অনেকে সংস্কার বলতে পারেন। বিরোধী দল সংস্কার হিসেবে বিবেচনা করে সন্তুষ্ট থাকলেও সরকারের আপত্তি নেই। তবে বিরোধী দল হিসেবে তারা এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। 

বিরোধী দলের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে সমর্থন দেওয়া মানে কেবল সরকারকে সহযোগিতা করা নয়, বরং দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করা।

আরও পড়ুন: ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভ্যুত্থান কোনো এক দিনের ঘটনা নয়; বরং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলমান গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় এর পটভূমি তৈরি হয়েছে। সেই দীর্ঘ আন্দোলনের পরিণতিতেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। 

তার মতে, এই সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যতেও মানুষকে অনুপ্রেরণা জোগাবে।

জুলাইয়ের তাৎপর্য কেবল স্মরণানুষ্ঠান বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে। সাহিত্য, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের ইতিহাস ও চেতনার প্রতিফলন ঘটানো প্রয়োজন। শুধু জুলাই মাসে কিংবা প্রতিবছরের নির্দিষ্ট আয়োজনে এই ইতিহাস স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না। শহীদদের আত্মত্যাগের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন। শহীদদের আকাঙ্ক্ষা ও জুলাইয়ের প্রত্যাশা সরকারের সেই পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং গণ-অভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় ধারণ করার বিষয়গুলো গুরুত্ব পায়। 

তার বক্তব্য অনুযায়ী, জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য ধরে রাখার পাশাপাশি সনদের লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ এগিয়ে নেওয়াই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়