স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫০, ১৯ অক্টোবর ২০২৬

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিকায়ন করা ওসমানী উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তিনি।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভ দর্শনার্থীদের কাছে জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরবে।

পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে অবস্থিত ওসমানী উদ্যানের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বাম পাশে দেখা যায় লেক। উদ্যানের মাঝখানে রয়েছে ফোয়ারা। দর্শনার্থীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া।

লাইব্রেরির আগে বাম পাশের সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখা যায়, ভূগর্ভস্থ জাদুঘর নির্মাণের জন্য স্থান প্রস্তুত করা হয়েছে।

উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর চারপাশ পাকা করা হয়েছে। স্মৃতিস্তম্ভের মাঝখানে স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাইয়ের শহীদদের নাম। এ ছাড়া স্মৃতিস্তম্ভের রেলিংয়ের ভেতরের পাশে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র।

স্মৃতিস্তম্ভের ঠিক সামনে রয়েছে কয়েকটি প্রতীকী কবর। কবরগুলোর পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ বা ওয়াকওয়ে। পুরো স্থাপনাটি জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ৭ সচিবের দপ্তর বদল, পদোন্নতি পেলেন ৩ জন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়