রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বাঁকা চোখে তাকালে চোখ বাঁকাই থাকবে: চিফ হুইপ

দুর্গাপূজায় বাঁকা চোখে তাকালে চোখ বাঁকাই থাকবে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেছেন, দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।

রবিয়বার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, ফেসবুকে ক্ষতিকর কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

সভায় বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ বিল নিয়েও কথা বলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি মন্তব্য করেন, আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।

আরও পড়ুন: সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা করছে সরকার: রিজভী

সভা শেষে বেতাগী উপজেলার ৩৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন চিফ হুইপ। এ ছাড়া উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়