নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। আহতদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি বলেন, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ও প্রশাসন কাজ করছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, ভোরে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ূন: নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০
ইউএনও আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তেও প্রশাসনের কার্যক্রম চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








