দুর্গাপূজা ঘিরে নাশকতার গোয়েন্দা তথ্য নেই: এসআরবি মহাপরিচালক
ছবি: সংগৃহীত
দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
তিনি বলেছেন, ভার্চ্যুয়াল জগতের গুজব প্রতিরোধে কাজ করছে সাইবার টিম। সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কোনো সুযোগ নেই।
রবিবার (১৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসআরবি মহাপরিচালক বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে—এমন কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে আহসান হাবীব পলাশ বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। সারা দেশে এসআরবির ১৫টি ব্যাটালিয়ন কাজ করছে। নিয়মিত তল্লাশি চালাচ্ছে সংস্থাটির ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত নারী দর্শনার্থীদের হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করেও কাজ করছে এসআরবি।
আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর নির্দেশনা
প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান এসআরবি মহাপরিচালক।
নিউজবাংলাদেশ.কম/এসবি








