বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ১৯ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের পর নির্জনে সময় কাটাচ্ছেন শেহতাজ

বিচ্ছেদের পর নির্জনে সময় কাটাচ্ছেন শেহতাজ

ছবি: সংগৃহীত

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর থেকেই অনেকটা নীরব ছিলেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজের অবস্থানের জানান দিলেন তিনি। ছবিতে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন শেহতাজ। সেখানে তাকে বন্য পরিবেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি বন্য প্রাণীর ছবি তুলতেও দেখা যায়। ছবির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন তিনি।

সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর শেহতাজের এই ঘুরে বেড়ানোর ছবি সামনে এলো। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

প্রকাশিত ছবিগুলোতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে শেহতাজকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন তিনি। ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন না দিলেও একটি উড়ন্ত পায়রার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

তবে কোথায় ঘুরতে গেছেন কিংবা এই ভ্রমণের উদ্দেশ্য কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শেহতাজ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

আরও পড়ুন: ইয়ামির কাছে আদিত্যর সঙ্গে কাজের অভিজ্ঞতা অতুলনীয়

বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের পথচলায় জমে থাকা স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ। সম্পর্কের ইতি টানলেও তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলেও জানান তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়