স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:২৪, ১৯ অক্টোবর ২০২৬

মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম।

অন্যদিকে, একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা অনুদান দিচ্ছে কানাডা

এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়