আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশু।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনের বেলায় এ হামলা হয় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, রাস্তায় মানুষের ভিড়ের সময় শপিং মলটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে দোকানপাট ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকসান্দর হানঝা জানান, হামলায় ৬৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন শিশু। হামলার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শপিং মলের আশপাশে অবস্থানরত মানুষকে লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এই হামলাকে রাশিয়ার চাপ প্রয়োগের কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, বেসামরিক মানুষের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে ইউক্রেনের জনগণকে ক্লান্ত করে যুদ্ধ বন্ধের বিষয়ে ছাড় দিতে বাধ্য করতে চায় রাশিয়া।

পাভলোহরাদ দনিপ্রো শহরের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহকেন্দ্র। এর আগেও শহরটিতে রুশ হামলা হয়েছে। গত মাসে শহরের কয়েকটি গুদামে হামলায় দুজন নিহত হওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সম্প্রতি ইউক্রেনের আরও কয়েকটি শপিং মল রুশ হামলার লক্ষ্য হয়েছে। বুধবার সুমি শহরের একটি শপিং মলে রুশ হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার সুমিতে রুশ বিমান হামলায় আরও আটজন আহত হন। আহতদের মধ্যে তিনজন শিশু।

এর আগে সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মল রুশ হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এর মালিকপক্ষ। তবে হামলার সময় শপিং মলটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: মক্কা জোটে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের হামলায় হতাহতের কথা জানিয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, বুধবার রাতে সোচি শহরের উপকূলে ইউক্রেনের সমুদ্রপথে চালানো ড্রোন হামলায় ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন শিশু।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়