|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’

‘৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’

ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই ব্যক্তি স্বার্থে ব্যবহার বা অপব্যবহার করার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজ সংসদীয় এলাকা ঢাকা-১৭ এর অন্তর্ভুক্ত বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার নিজ আসন ঢাকা-১৭ (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাসের একাংশ) এলাকার মোট ৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর মধ্যে আসনটির ২৮টি মসজিদে প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রমে সহযোগিতা এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন উৎসবমুখর ও নির্বিঘ্ন করতেই এই সহায়তা দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরও পড়ুন: আহত ক্যাপ্টেনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

অনুদান বিতরণী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈ বৈশ্বিক সংকট, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশেও কিছুটা পড়ছে। তবে এই সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্যাস সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

জ্বালানি খাতের বিভিন্ন অনিয়মের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়ে কিছু অসাধু চক্র অবৈধ ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দলমত নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কর্মকাণ্ড বা অন্যায়ে জড়িত হবে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ও আইনগতভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীতে রাষ্ট্রীয় সম্পদ যথেচ্ছভাবে ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের আমলে কোনো রাষ্ট্রীয় সম্পদ কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবে না; এ বিষয়ে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়