ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শেষ, ৬ বিল পাস
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। নয় কার্যদিবস চলা এ অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন করা হয় এবং সবগুলোই পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পক্ষে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাপনী ঘোষণা দেন।
এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে নোটিশ দেন।
এর মধ্যে ৬৮ বিধিতে পাওয়া সাতটি নোটিশের মধ্যে দুটি গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে পাওয়া ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।
অধিবেশনে ১৪৭ বিধিতে পাওয়া দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়। এছাড়া ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
সংক্ষিপ্ত এ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেওয়া হলেও তিনি ১৫টির উত্তর দেন।
আরও পড়ুন: র্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








