মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ায় বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা ও সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বাড়ায় দীর্ঘমেয়াদে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মে মাসের মাঝামাঝির পর এই প্রথম ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই আন্তর্জাতিক বেঞ্চমার্কই টানা এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে এগোচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উভয় বেঞ্চমার্কের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।
আরও পড়ুন: ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার বেশি, শীর্ষে ইসলামী ব্যাংক
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে এই উদ্বেগই সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








