মক্কার কাছে হুথির ড্রোন ধ্বংসের দাবি সৌদির
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বাহিনী মক্কা লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ধ্বংস করেছে। তবে মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি বাহিনী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল মালকিকের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে একটি শত্রু ড্রোন শনাক্ত করা হয়। মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি রাজকীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত ও ধ্বংস করে।
তুরকি আল মালকি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আগত মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য লাল রেখা। যেকোনো হুমকি থেকে তাদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সৌদি জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছিল। সেটিও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছিল বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুথি বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানে হামলার হুমকি দেওয়ার অভিযোগ ভুয়া ও অসত্য।
এর আগে ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।
ইয়েমেনে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ২০১৫ সাল থেকে বড় আকার নেয়। ওই বছর হুথিরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে।
আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় তিন মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের সংঘাত পুরোপুরি শেষ হয়নি। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় অঞ্চলটিতে আবারও উত্তেজনা বাড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








