মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, কে হচ্ছেন পাত্র?
মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে ফের শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। গুঞ্জন সত্যি হলে উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর।
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে বলেও টলিপাড়ায় খবর ছড়িয়েছে। তবে বিয়ের গুঞ্জনের পাশাপাশি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির কথিত হবু বরকে ঘিরে।
টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর বিনোদন জগতের কেউ নন। তিনি পেশায় একজন নৌ-কর্মকর্তা। তাঁর নাম সিদ্ধার্থ বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে।
এমনকি মিমির বিয়ের নিমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে বলেও খবর এসেছে। তবে এসব তথ্যের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি মিমি চক্রবর্তী বা কথিত হবু বর সিদ্ধার্থ। অভিনেত্রীর সহকারীও বিয়ের খবরের সত্যতা স্বীকার করেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মিমির কিছু মন্তব্য নতুন করে বিয়ের জল্পনা উসকে দিয়েছে। যদিও তাঁর কোনো মন্তব্যেই সরাসরি বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তীর ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১০ সালে গানের ওপারে ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে বাপি বাড়ি যা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
পরবর্তী সময়ে বোঝে না সে বোঝে নাসহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন মিমি। ধারাবাহিকভাবে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে টলিউডে নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি। দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। পাশাপাশি নতুন আরও একটি সিনেমার কাজের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: ভেনিসে সেরা পরিচালক রুবাইয়াত, ইতিহাস গড়ল দ্য ডিফিকাল্ট ব্রাইড
ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই মিমির বিয়ের খবর ছড়িয়ে পড়ায় টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সত্যিই আগামী ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ের আসর বসছে কি না, কিংবা সিদ্ধার্থই তাঁর জীবনসঙ্গী হচ্ছেন কি না- এসব প্রশ্নের উত্তর মিলবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরই। সূত্র: দ্য ওয়াল
নিউজবাংলাদেশ.কম/এসবি








