একাদশে ভর্তির প্রথম ধাপের ফল রাত ৮টায়
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আজ রাত ৮টায় প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
আরও পড়ুন: মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি আর চলবে না: শিক্ষামন্ত্রী
সূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা। তবে ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকলে ২৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে পারে।








