‘শিক্ষকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা হচ্ছে’
ছবি: সংগৃহীত
শিক্ষকদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের এ উদ্যোগকে শিক্ষকসমাজ ইতিবাচকভাবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষিত এবং শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব বেশি নেই। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম অসচেতনভাবে ব্যবহারের কারণে যাতে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এ কারণে একটি নীতিমালা থাকা জরুরি।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের এমন কোনো বক্তব্য বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করে কিংবা শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয়। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। শিক্ষকসমাজও সরকারের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু, অপরিবর্তিত থাকছে এইচএসসি সময় সূচি
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








